নওগাঁ জেলা প্রতিনিধি:
বাবার রেখে যাওয়া বাড়িতে নিজের মা যেন ঢুকতে না পারেন, সে জন্য সিঁড়ির ফটকে তালা দিয়েছেন ছেলে। ঘটনার পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ছেলে ও আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বৃদ্ধা বিলকিস আক্তারের ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ, মো. খোকন ও নাহিদ ইসলাম।
৬২ বছর বয়সী বিলকিস আক্তার শহরের কাজীর মোড় এলাকার একটি দোতলা বাড়ির মালিক। তার স্বামী প্রায় ৩০ বছর আগে ওই বাড়ি নির্মাণ করেছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে ছেলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
পারিবার জানায়, সোমবার দুপুরে বড় মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরতে গেলে সিঁড়ির ফটকে তালা দেওয়া দেখতে পান বিলকিস আক্তার। ছেলের লোকজন তাকে ঘরে ঢুকতে বাধা দেয়। বাধ্য হয়ে তিনি সিঁড়ির পাশে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন।
খবর ছড়িয়ে পড়লে বিকালে স্থানীয় মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা ঘটনাস্থলে যান। তাদের সামনেই মা ও ছেলের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “থানায় আলোচনা চলাকালে ছেলে সৌরভ তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টা করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বৃদ্ধা বিলকিস আক্তার থানায় অভিযোগ দিলে রাতেই সৌরভসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
২০২১ সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির মালিকানা নিয়ে ছেলের সঙ্গে বিরোধ শুরু হয়। আইন অনুযায়ী মা ও তিন সন্তানের মধ্যে সম্পত্তির ভাগ হওয়ার কথা থাকলেও, সৌরভ পুরো জমি নিজের নামে নিতে চায়। মা ও দুই বোন এতে রাজি না হওয়ায় পরিবারে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকেই বিলকিস আক্তার বেশিরভাগ সময় বড় মেয়ের বাড়িতে থাকছেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে এমন অমানবিক ঘটনার বিচার দাবি করেছেন।