শফিকুল ইসলাম শফিক।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম লালঘাট থেকে পানির কলসীর ভেতর লুকিয়ে রাখা ২৭ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। অভিযানে হোসেন আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট সীমান্ত এলাকার লালঘাট গ্রামের আলমাছ মিয়ার ছেলে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পানির কলসীর ভেতর থেকে এই মদের চালান উদ্ধার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত হোসেন আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকা হওয়ায় এখানে মাঝেমধ্যেই মাদক চোরাচালানের ঘটনা ঘটে। তবে পুলিশের সক্রিয় অভিযানের কারণে মাদককারবারিরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে।