জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৮জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী জানান, নওগাঁ সদর উপজেলার পৌর শহরের কাছাকাছি এলাকাগুলোতে জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্ভাব্যতা যাচাইয়ের পর শিক্ষা মন্ত্রণালয় এই জমি অধিগ্রহণের অনুমতি দেয়। এখন প্রাথমিকভাবে ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করা হবে।
২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ প্রতিষ্ঠার আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি পাস হয়।
তবে ২০২৫ সালের ১৬ জানুয়ারি, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'নওগাঁ বিশ্ববিদ্যালয়' রাখে।
বিল পাসের দুই বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাডেমিক কার্যক্রম, যেমন ছাত্র ভর্তি ও ক্লাস শুরুর অনুমতি দেয়নি। বর্তমানে নওগাঁ শহরের মডেল টাউন এলাকার একটি ভাড়া করা ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।