জাতীয়

ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

আলী আহসান রবি : বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে, প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং এসপি পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই আদেশ জারি করা হয়।

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ে রদবদল
সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিট এবং সিআইডির অপর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এবং সানা শামীমুর রহমানকে পদোন্নতি দিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই দুই কর্মকর্তার এর আগে যথাক্রমে ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশে বদলির আদেশ ছিল, যা সংশোধন করে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে ডিআইজি হিসেবে এসবিতেই পদায়ন করা হয়েছে।

এসপি পর্যায়ে বদলি
ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ বিন নূরকে ডিএমপির উপকমিশনার এবং নোয়াখালী পিটিসির এসপি আসমা বেগম রিতাকে এপিবিএন সদর দপ্তরে বদলি করা হয়েছে। খুলনা পিটিসির এসপি সোমা হাপাকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশের এসপি আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি এসপি) মো. জায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেলওয়ে পুলিশের এসপি মো. সাইফুল্লাহ হকের ক্ষেত্রে পূর্বের বদলির আদেশগুলো বাতিল করা হয়েছে।