জাহিদুল ইসলাম : “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মোঃ আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্লাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।
সভায় জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণের গুরুত্বের উপর গুরুত্বারোপ করা হয়েছে। সরকারের পাশাপাশি পর্যটন স্থানের উন্নয়ন ও সংরক্ষণে বেসরকারি পর্যায়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে চিত্ররঙন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।