নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সাহিত্যিক, গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দিন আর নেই।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ) নিউইয়র্ক স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. মঈনউদ্দিন ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত আজীবন সদস্য (সদস্য নং–৩২) ও এর সাবেক পরিচালক।
তিনি ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম. জওহর আলী।
নলতা হাই স্কুলের ১৯৬০ সালের ব্যাচের ছাত্র ছিলেন তিনি।
প্রজ্ঞা ও সাহিত্যচর্চায় নিবেদিতপ্রাণ এই সাহিত্যিকের রচিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি, যার মধ্যে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ সাহিত্য ও সম্পাদিত গ্রন্থ অন্তর্ভুক্ত।
তার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হলো ‘খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী’ সম্পাদনা, যা তাকে বাংলা সাহিত্যের গবেষক মহলে স্বতন্ত্র আসনে অধিষ্ঠিত করেছে।
বাংলা একাডেমিতে দীর্ঘ কর্মজীবনের পর তিনি পরিচালক পদ থেকে অবসর নেন। অবসরের পরও তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন সাংস্কৃতিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।
তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণা ও কর্মে মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)-এর জীবন, কর্ম ও সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরার অগ্রণী ভূমিকা ছিল।
দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে স্বপরিবারে বসবাস করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।