ঢাকা : বিশ্বের নানা প্রান্ত থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে সহযোগিতা ও শুভকামনা এসেছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে। জিয়া পরিবার জানিয়েছে, দেশের মানুষের সম্মিলিত সমর্থনই তাদের শক্তি ও প্রেরণার উৎস।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য তারা সকলের জন্য নিরন্তর দোয়া করছেন। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।