শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় ঘোষ। অবৈধ মাটি উত্তোলন, পরিবেশবিরোধী কার্যক্রম এবং কৃষিজমির উর্বরতা নষ্টের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
সকালের দিকে অভিযোগ পাওয়া যায়, পাইকুরাটি ইউনিয়নের কাশিকোণা–ধর্মপাশা সীমান্ত এলাকায় বেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার ঘটনা ঘটছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে আতলা বিল এলাকায় গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরবর্তীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে একটি মিনিট্রাককে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এরপর আদালত যায় বালিয়া মাসকান্দা এলাকায়, যেখানে ফসলি জমির উর্বর মাটি কেটে স্থানীয় একটি ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। যাচাই-বাছাই করে অভিযোগ প্রমাণিত হওয়ায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর আওতায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দিনব্যাপী অভিযানে বিভিন্ন অনিয়ম প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং কৃষিজমি সুরক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেন এসিল্যান্ড সঞ্চয় ঘোষ। তিনি বলেন,
অবৈধ মাটি কাটাসহ পরিবেশ ধ্বংসকারী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।