রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১০টায়) বটিয়াঘাটা থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবির। সভায় বক্তব্য দেন বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার ও বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থাই একটি নিরাপদ সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি বটিয়াঘাটা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জননিরাপত্তা বিষয়ে উপস্থিত সুধীজনদের মতামত শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় থানার সকল এসআই ও এএসআই, থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।