মান্নার মিয়া, সুনামগঞ্জ : “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ‘আত্ম-অনুসন্ধান এবং যত্নশীল সমাজ: নবীন–প্রবীণ কথোপকথন’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. ফাতেমাতুজ্জহুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, পাগলা বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নিখিল বাবু এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সিনিয়র সদস্য আবিদ উদ্দিন ও দিলিপ কুমার দাশ। এছাড়া সমাজসেবা অফিসের কর্মচারী শাহ আলম চিশতী, জয়ন্ত চৌধুরী, হিল্লোল পুরকায়স্থ, তাহরিম, হাজী আক্রম আলী এতিমখানার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করা প্রয়োজন।