রাজবাড়ী প্রতিনিধি : ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এ চমৎকার সাফল্য অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ দল। গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দ্বৈত বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে জেলা পুলিশ, রাজবাড়ী দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
জেলা পুলিশের খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের মাধ্যমে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাহসী পারফরম্যান্স প্রদর্শন করে। খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
এই সাফল্যে রাজবাড়ী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাজবাড়ী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, ব্যাডমিন্টন দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ সুপার আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও রাজবাড়ী জেলা পুলিশ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জেলার সুনাম অক্ষুণ্ন রাখবে।