শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, মধ্যনগর এ সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি রোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং, আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ইউএনও উজ্জ্বল রায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।