মাসুম বিল্লাহ, বাগেরহাট : এক কাপ চায়ের আড্ডা থেকেই শুরু হলো স্মার্ট বাগেরহাট গড়ার যাত্রা। “স্বপ্ন দেখি এক স্মার্ট বাগেরহাট” প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাট জেলা জুড়ে ৯০টি ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করেছেন তরুণ উদ্যোক্তা, সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খান জাহান আলী মাজার মোড়ের একটি চায়ের দোকান থেকে প্রতীকীভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, চায়ের টং, ব্যস্ত সড়ক ও মোংলা বন্দর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এসব ফ্রি ওয়াইফাই স্থাপন করা হচ্ছে বলে জানান।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, চায়ের দোকানে বসেই মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এতে দোকানে ক্রেতাও বাড়বে, এলাকাও পরিচিত হবে। ফ্রি ওয়াইফাই হলে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের অনেক উপকার হবে। অনলাইন লেনদেন, পণ্য অর্ডার ও যোগাযোগ এখন আরও সহজ হবে।
এক কলেজ শিক্ষার্থী হুমায়ুন বলেন, মোবাইল ডাটা কিনতে অনেক সময় সমস্যা হয়। ফ্রি ওয়াইফাই থাকলে পড়াশোনা ও অনলাইন ক্লাসে অনেক সুবিধা হবে। তরুণদের জন্য এটা খুব ভালো উদ্যোগ।’
উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ইন্টারনেট এখন বিলাস নয়, মৌলিক চাহিদা। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য প্রযুক্তিকে সহজলভ্য করতেই এই উদ্যোগ। তিনি আরও জানান, পর্যায়ক্রমে বাগেরহাটের আরও এলাকা এই ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হবে।