জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার-এর সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মুল নীতি এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ব্যপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ছাত্রদলের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন।
প্রচারণার পাশাপাশি ছাত্রদল নেতারা সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ছাত্রদলের এই সাংগঠনিক তৎপরতা বেশ সাড়া ফেলেছে।
স্থানীয় ছাত্রদল নেতারা জানান, আমরা জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে আছি।
রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকারকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করছে যে, আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের বড় জয় হবে।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার আনাচে-কানাচে পোস্টার, লিফলেট এবং নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে ছাত্রদলের এই কর্মকাণ্ড আরও গতিশীল হচ্ছে।