প্রকাশের সময়: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:১৮ পূর্বাহ্ণ
এই নির্বাচনে হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এই নির্বাচনে হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী

এই নির্বাচনে হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : সারা দেশে উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফলে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। জামায়াত জোট ৭৭ এবং অন্যান্য আরও সাত প্রার্থী জয়ী হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। তবে নির্বাচনে বিভিন্ন দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন।
নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির তিন হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন। এ ছাড়া বিএনপি, খেলাফত মজলিস ও এনসিপির আলোচিত প্রার্থীরাও রয়েছেন এই তালিকায়।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২ হাজার ৭০২ ভোটে পরাজিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি) ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে হেরেছেন জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদ। বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। জামায়াত প্রার্থী পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪টি ভোট।
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরীর কাছে হেরেছেন জামায়াতে ইসলামীর আরেক হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট এবং বিএনপির প্রার্থী পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট।
বরিশাল-৫ (সিটি-সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) এর দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
এর মধ্যে বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল করিম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট এবং ফয়জুল করিম পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট।
রংপুর-৩ আসনে দাঁড়িপাল্লার কাছে হেরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জামায়াত প্রার্থী মো. মাহবুবুর রহমান (বেলাল) পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট। আর জাতীয় পার্টির চেয়ারম্যান পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কাছে বড় ব্যবধানে হেরেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির প্রার্থী ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কেটলি প্রতীক নিয়ে মান্না পেয়েছেন ৩ হাজার ৪২৬। ফলে তিনি জামানত হারিয়েছেন।
পঞ্চগড়-১ আসনে ৮ হাজার ৩০৪ ভোটে হেরেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। জয়ী বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট।
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে ৫ হাজারের বেশি ভোটে হেরেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট এবং মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট।
ঢাকা-৯ আসনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
ঢাকা-১৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন ৮৩ হাজার ৮৫১ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালিবের কাছে প্রায় ৫০ হাজার ভোটে হেরেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জামায়াতের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩১ ভোট এবং রাশেদ খান পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন। এই আসনে ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
নরসিংদী-২ আসনে বিএনপির আবদুল মঈন খানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. গোলাম সারোয়ার তুষার। মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট এবং তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে হেরেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। আর জয়ী জামায়ত প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387