আইন ও বিচার

মধ্যনগরে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ার গান ও অ্যামুনেশনসহ দুইজন গ্রেপ্তার

মধ্যনগরে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ার গান ও অ্যামুনেশনসহ দুইজন গ্রেপ্তার

শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ও মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ অভিযানে দুটি এয়ার গান ও বিপুল পরিমাণ অ্যামুনেশনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে মধ্যনগর থানাধীন ৪নং সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালানো হয়। বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলম-কে, একটি এয়ার গানসহ গ্রেপ্তার করা হয়।

পরে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষে পৃথক অভিযানে মো. মিজানুর রহমান ফরহাদ ওরফে পরাগ-কে  গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও একটি এয়ার গান এবং ৫টি প্লাস্টিক বক্সে রাখা মোট ৯৬৫ রাউন্ড এয়ার গান অ্যামুনেশন (সিসা) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি মধ্যনগর বাজার এলাকায়।

অভিযানটি পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. ইউছুব আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের আভিযানিক দল।

এ ঘটনায় মধ্যনগর থানায় এফআইআর নং-২/২০২৬, জি আর নং-৮/২০২৬ মূলে মামলা দায়ের করা হয়েছে। মামলায় Special Powers Act, 1974-এর 25B(1)(b) ধারা এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৪৯ ধারা প্রয়োগ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।