বাণিজ্য

আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ১৩ হাজার টাকা

আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ১৩ হাজার টাকা

লিটন সরকার : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বুধহাটা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।


অভিযানকালে সার বিক্রির মেমো ও রেজিস্টার সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশকের উপাদান সঠিকভাবে উল্লেখ না থাকা এবং একই দোকানে মাছের খাদ্য ও কীটনাশক বিক্রির মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি দোকানকে চারটি মামলায় জরিমানা করা হয়।


জরিমানার মধ্যে বুধহাটা বাজারের মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলামকে ৪০ হাজার টাকা, মেসার্স শোভা এন্টারপ্রাইজের মালিক বিভাষকে ৭০ হাজার টাকা, মেঘা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীরকে ২ হাজার টাকা এবং দেবনাথ কৃষি ঘরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, কৃষি উপকরণ বিক্রয়ে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।