আলী আহসান রবি : বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগপোযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে ১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ হতে বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত e-UD এর সাথে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এর আন্তঃসংযোগ স্থাপন করেছে এনবিআর। উল্লেখ্য, আন্তঃসংযোগের পূর্বে UD যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন ও বিজিএমইএর সিস্টেমের উপর নির্ভরশীলতা থাকায় বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় খালাস প্রক্রিয়া বিলম্বের পাশপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নানাবিধ চ্যালেঞ্জ বিদ্যমান ছিল।
উক্ত উদ্যোগ বাস্তবায়নের ফলে-
- UD যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে;
- কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস পাবে;
- রাজস্ব সুরক্ষা ও ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে;
- আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে;
- বণ্ড ব্যবস্থাপনা যুগোপযোগী হবে।
ইন্টিগ্রেশনের পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে e-UD write-off সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড এবং বিজিএমইএ-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রম Paperless Customs ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
-জাতীয় রাজস্ব বোর্ড