সেলিম মাহবুব : শহীদ ওসমান হাদীর স্মরণে সর্বদলীয় ওলামা মাশায়েখ ও সাধারণ মানুষের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী এই সাহসী কণ্ঠস্বরের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা খলিলুর রহমান মাদানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ওসমান হাদী ছিলেন অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক জ্বলন্ত প্রতীক। সত্যের পক্ষে দাঁড়ানোর যে সাহস তিনি দেখিয়েছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহ যেন তাঁকে শহীদের মর্যাদা দান করেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন,
“ওসমান হাদী কোনো ব্যক্তি নন, তিনি একটি চেতনা। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান আজও আমাদের পথ দেখায়। যারা সত্য বলার কারণে নিপীড়নের শিকার হন, হাদী তাঁদেরই কণ্ঠস্বর।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো ভিন্নমত ও প্রতিবাদের অধিকার নিশ্চিত করা। অন্যথায় সমাজে অস্থিরতা ও অবিচার আরও গভীর হবে।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-ওলামা, মাশায়েখ, সাংবাদিক, ছাত্রসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকলেই ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে বিশেষ মোনাজাতে ওসমান হাদীর রুহের মাগফিরাত, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য কামনা এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানটি এক আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।