রাজনীতি

মধ্যনগরে যুবদল দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মধ্যনগরে যুবদল দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শফিকুল ইসলাম শফিক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মধ্যনগর উপজেলা যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী এবং উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ এনামুল হক।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মধ্যনগর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, হযরত আলী ও এনামুল হক আগের মতোই সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।