রাজনীতি

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনের রাজনীতি আমরা চাই না- তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম।

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনের রাজনীতি আমরা চাই না- তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম।

জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক ব্যতিক্রমী উঠান বৈঠকে মিলিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের চাকলা হিন্দু পল্লীতে এই সভা অনুষ্ঠিত হয়।

চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, "মানুষ হিসেবে আমাদের সবার পরিচয় এক। দীর্ঘদিন ধরে 'সংখ্যালঘু' ও 'সংখ্যাগুরু' তকমা দিয়ে বিভাজনের রাজনীতি করেছে বিগত আওয়ামী লীগ সরকার। আমরা এই বিভাজন চাই না।"
তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত থাকবে।

উপজেলা জামায়াতের আমীর এস. এম. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে হৃদয় চন্দ্র, দেবেন্দ্র নাথ ও নারায়ণ চন্দ্ররা তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। তারা জামায়াত নেতার এই সম্প্রীতির আহ্বানে ইতিবাচক সাড়া দেন।

সভায় আরও বক্তব্য রাখেন শাহ রুস্তম আলী, ইয়াকুব আলী এবং প্রভাষক আমিনুল ইসলাম। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখাই এই উঠান বৈঠকের প্রধান লক্ষ্য।