স্বাস্থ্য ও লাইফস্টাইল

সবুজের আড়ালে বিষ- তারাগঞ্জে তামাক চাষে স্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে।

সবুজের আড়ালে বিষ- তারাগঞ্জে তামাক চাষে স্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে।

জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলায় দিগন্তজোড়া মাঠে এখন তামাকের ছড়াছড়ি। শত শত হেক্টর জমিতে অন্য ফসলের বদলে তামাক চাষ করছেন কৃষকরা। লাভজনক হওয়ার প্রলোভনে পড়ে কৃষকরা এই ক্ষতিকর চাষে ঝুঁকলেও, বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য ধ্বংস
তামাক চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। এতে দীর্ঘমেয়াদে তামাক মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি উপাদান শুষে নেয়, ফলে পরবর্তীতে অন্য খাদ্যশস্য ফলানো কঠিন হয়ে পড়ে।
 
 অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে উপকারী পোকা ও পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে।

তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত কৃষক এবং তাদের পরিবারের সদস্যরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।
 
 কাঁচা তামাক পাতা স্পর্শ করার ফলে নিকোটিন ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে বমি বমি ভাব, মাথা ঘোরা ও দুর্বলতা তৈরি করে।

এছাড়া তামাকের রাসায়নিক বৃষ্টির পানির সাথে মিশে নিকটস্থ জলাশয়ের পানি দূষিত করছে, যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য প্রাণঘাতী।

খাদ্য নিরাপত্তার সংকট
যে জমিগুলোতে এক সময় ধান, সরিষা বা রবি শস্য ফলত, সেখানে এখন তামাকের আধিপত্য। শত শত হেক্টর জমিতে তামাক চাষের কারণে স্থানীয় পর্যায়ে খাদ্য ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লাভের অংক কষতে গিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বিষাক্ত পরিবেশ রেখে যাচ্ছি কিনা, তা ভেবে দেখার সময় এসেছে। কৃষি বিভাগের যথাযথ নজরদারি এবং কৃষকদের বিকল্প লাভজনক ফসলে উৎসাহিত করাই এখন সময়ের দাবি।