শফিকুল ইসলাম শফিক : “নক্ষত্র একদিন ঝরে যায়, কিন্তু সেই নক্ষত্রই দিকনির্দেশনা দেয়। তার আলো কখনো নিভে না। মৃত্যু শুধু শরীরকে থামায়, ইতিহাসকে নয়”—এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩ টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজ যারা গণতন্ত্রকে কণ্ঠরোধ করতে চায়, তাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই রাজপথে আন্দোলন জোরদার করতে হবে। তাঁর দেখানো পথে চলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।
বক্তব্যের শেষাংশে তিনি মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।