আইন ও বিচার

তারাগঞ্জে সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা।

তারাগঞ্জে সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা প্রদানের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম স্বদেশ চন্দ্র সরকার (৪৫)। তিনি তারাগঞ্জ থানার ঘনিরামপুর গ্রামের মুকুল চন্দ্র সরকারের ছেলে এবং মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ১৫ মিনিটে বুড়ীরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স রহমান এন্টারপ্রাইজের বিরুদ্ধে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি এবং স্বাভাবিক সরবরাহে বাধা প্রদানের প্রমাণ পাওয়া যায়। পরে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ব্যবসায়ী স্বদেশ চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন তারাগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু চক্র যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।