সারাদেশ

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে জেমসের কনসার্ট ঘিরে হামলা ও ভাঙচুর

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে জেমসের কনসার্ট ঘিরে হামলা ও ভাঙচুর

এরফান আলী, ফরিদপুর : ফরিদপুরের ঐতিহ্যবাহী জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে নগর বাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্টকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

জানা গেছে, জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বিভিন্ন সময়ের সাবেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী দিনে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ডশিল্পী জেমসের গান পরিবেশনের কথা ছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি শুধুমাত্র ডেলিগেটদের জন্য নির্ধারিত ছিল এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জেমসের অনেক ভক্ত অনুষ্ঠানস্থলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন।

একপর্যায়ে উত্তেজিত ভক্তরা অনুষ্ঠানস্থলের বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ভূত পরিস্থিতির কারণে আয়োজক কমিটি জেমসের গান পরিবেশন বাতিল করে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও অনুষ্ঠানের পরিবেশ ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।