জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর : জনপ্রশাসন ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) লক্ষ্মীপুরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় জনপ্রশাসনের নীতিমালা বাস্তবায়ন, প্রশাসনিক শৃঙ্খলা, সেবার মানোন্নয়ন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিনিয়র সচিব কর্মকর্তাদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। তিনি জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাগরিক সেবা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভাটি জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।