জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে শুরুতেই রাষ্ট্রীয় পর্যায় থেকে দুর্নীতি বন্ধ করার জন্য কাজ করবে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।
মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। জামায়াত ক্ষমতায় গেলে জিরো টলারেন্স নীতিতে দুর্নীতি বন্ধ করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পথসভায় স্থানীয় জামায়াত নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে এবং ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।