আলী আহসান রবি : উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 'ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে'।
শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে’—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান।
বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান বলেন, দ্রুতই এ মিলের উৎপাদন শুরু হবে। বিসিআইসি সে লক্ষ্যে কাজ করছে।
এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
এর পূর্বে আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন" শীর্ষক প্রকল্পের আওতায় ' ছাতক - কাটাখালী ' ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।