এরফান আলী, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নকল ও ভেজাল শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৮ জানুয়ারি) বিকাল চারটার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি প্রতিষ্ঠানে সংরক্ষিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের নকল চিপস, জুসসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য জব্দ করা হয়। এসব খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত খাদ্যপণ্যগুলো অনুমোদনহীন ও নকল লেবেল ব্যবহার করে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নকল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।