আইন ও বিচার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা সফলভাবে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে অবস্থিত কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ)।

এ সময় তিনি বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধারের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হচ্ছে। ভবিষ্যতেও নাগরিক সেবা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।