রাজনীতি

পাথারিয়া গ্রামে গণভোট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পাথারিয়া গ্রামে গণভোট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় পাথারিয়া গ্রামের ঈমান আলীর বাড়ির উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, সালমা  সুলতানা  ও রীমা  বেগম। এছাড়া পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নার মিয়া গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।


বক্তারা বলেন, গণভোট হচ্ছে জনগণের কণ্ঠস্বর প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভয়-ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে সচেতনভাবে মতামত প্রদান করলে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তারা সবাইকে গণভোট সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।


সভায় উপস্থিত ছিলেন  ঈমান আলী সহ পাথারিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। উপস্থিত গ্রামবাসীরা আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন এবং গণভোট বিষয়ে নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন।


স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক সভা মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।