সারাদেশ

তারাগঞ্জে অটোরিক্সা-সিএনজি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

তারাগঞ্জে অটোরিক্সা-সিএনজি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলায় অটোরিক্সা ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে হাজিবউদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের হাজীরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাজিবউদ্দিন সয়ার ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি অটোরিক্সা হাজীরহাটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা যাত্রী হাজিবউদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

হাজিবউদ্দিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।