লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে লক্ষ্মীপুরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত, নৈতিকতা, আইনগত সীমাবদ্ধতা এবং গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সাংবাদিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রশিক্ষণ কর্মশালায় পিআইবি’র অভিজ্ঞ প্রশিক্ষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, তথ্য যাচাইয়ের কৌশল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মশালাটিকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন।
কর্মশালায় লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।