লিটন সরকার : আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০.৩০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে শেষ হয়।
র্যালির পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন আসাদুল ইসলাম আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম এবং সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মোঃ সেলিম শাহরিয়ার-কে, শ্রেষ্ঠ এনজিও কর্মী হিসেবে আইডিয়ালের সুব্রত বাছাড়-কে এবং বার্ষিক এনজিও পুরস্কার হিসেবে আসাদুল ইসলাম আসাদ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবা সুবিধাভোগী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তা ও নাগরিক। অনুষ্ঠানটি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ও সমাজসেবার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।