জাহিদুল ইসলাম জাহিদ , সিলেট : সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসগুলো হবে সরকারি সম্পদ তৈরির কারখানা। এখান থেকেই শিশুরা একদিন দেশের নেতৃত্ব দেবে। এজন্য শিশু নিবাসগুলোর আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করতে হবে।
তিনি শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে আমাদের অনেক সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। মানুষের আয়ুষ্কাল নির্দিষ্ট হওয়ায় অনেক শিশু মা-বাবাকে হারিয়ে শিশু নিবাসে আশ্রয় নেয়। তবে স্বজনহারা হওয়া সত্ত্বেও পৃথিবীতে অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন। শিশু নিবাসের ছেলে-মেয়েরাও একদিন অবশ্যই সফল ও বিখ্যাত হবে।
বিজয় দিবসের কুচকাওয়াজে শিশু পরিবারের পুরস্কারপ্রাপ্তির কথা উল্লেখ করে তিনি বলেন, শিশু নিবাসের ছেলে-মেয়েদের আর একটু যত্ন ও পরিচর্যা করা গেলে তারাই ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, রাজনীতিবিদ হবে, দেশের নেতৃত্ব দেবে এবং আমার মতো জেলা প্রশাসকও তৈরি হবে। এ শিশু নিবাসের সন্তানরাই একদিন দেশের সেরা অবস্থানে পৌঁছাবে।
শিশু নিবাসে বসবাসরত ছেলে-মেয়েদের নিজের সন্তানের মতো উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, তোমাদের একা ভাবার কোনো কারণ নেই। সরকার ও সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি জেলা প্রশাসক হিসেবে আমি সবসময় তোমাদের পাশে আছি। মানুষ কোথায় জন্মাল বা কোথায় বড় হলো, তার চেয়েও বড় বিষয় হলো সে কী হতে পেরেছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ মোশাররফ হোসেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অধীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।