সারাদেশ

দুমকিতে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর সংঘর্ষে যুবক নিহত

দুমকিতে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর সংঘর্ষে যুবক নিহত

মোঃ সজিব সরদার, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনা আমির হোসেনের রাস্তার মাথা এলাকায়, গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে ঘটে।

নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটো গাড়ি দুর্ঘটনার পর পানিতে উল্টে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। ড্রাইভার জানান, আর কেউ আহত হয়নি। পরে পানি পরিষ্কার হলে একজন নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলি ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোর সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”