মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ–৩ আসনের তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন এলাকাবাসী।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ ও আমবাদ গ্রামের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক ও নির্বাচনী সভায় তাঁকে এই ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সভায় জামলাবাদ গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল্লাহর সভাপতিত্বে এবং মুফাসসির আহমদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। তালা প্রতীক জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।” তিনি আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন ও শান্তিগঞ্জবাসীর কল্যাণে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া সলিবনুর বাচ্চু, জিয়াউর রহমান, ফরিদুর রহমান, ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান সাদিক, ইছমত পাশা, সুজন মিয়া, নাজমুল হোসেন, রহমত আলী, মহিম মেম্বার, আব্দুল ছুবান, আব্দুল খালেক, সমর মিয়া, সেলিম মিয়া, হাসনাবাজ গ্রামের তাজুল ইসলাম, সফিক মিয়া, কমর উদ্দিন, এম এ কাহার, জিলাল মিয়াসহ আরও অনেকে।
এ সময় জামলাবাদ ও হাসনাবাজ গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত জনতা তালা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে সমর্থন জানান।