সারাদেশ

চট্টগ্রামে বিশেষ অভিযানে দেশীয় একনালা বন্দুকসহ এক ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রামে বিশেষ অভিযানে দেশীয় একনালা বন্দুকসহ এক ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনালা বন্দুকসহ মোঃ এখলাছ মিয়া প্রকাশ ইয়াছিন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কাউছার হামিদ, এসআই মোঃ আশরাফুল আলম, এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম রাত ৩টা ৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফরেস্ট পাহাড় সংলগ্ন বাংলাবাজার মুক্তিযোদ্ধা জিরো পয়েন্ট এলাকায় কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালনকারী আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এখলাছ মিয়ার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইদং এলাকার মনুমিয়া মাতাব্বর বাড়ি বলে জানা গেছে।

অভিযানের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি একনালা বন্দুক, যার মোট দৈর্ঘ্য ২৪.৫ ইঞ্চি। বন্দুকটির ব্যারেল এবং বাট লাল কসটেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশ জানায়, বন্দুকটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাওয়া যায় এবং এটি অপরাধ সংঘটনে ব্যবহারের সম্ভাবনা ছিল।

পরে বাদীর দায়ের করা এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং—১৭, তারিখ—১২/১২/২০২৫, ধারা—The Arms Act 1978 (19A) অনুযায়ী মামলা রুজু করা হয়। গ্রেফতার আসামীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।