জাতীয়

নেত্রকোনায় এনসিপির সমাবেশে  বিএনপির জননন্দিত নেতা বাবরকে নিয়ে  কু-মন্তব্যে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ

নেত্রকোনায় এনসিপির সমাবেশে  বিএনপির জননন্দিত নেতা বাবরকে নিয়ে  কু-মন্তব্যে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ

 

শ্যামল সরকার, নেত্রকোনা প্রতিনিধি।।

রোববার (২৭ জুলাই) নেত্রকোনার ঐতিহাসিক কালেক্টর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে নেত্রকোনার প্রয়াত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করলে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সমাবেশে দেয়া বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন,
দশ ট্রাক অস্ত্র মামলাসহ যেসব ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেসব ঘটনার দায় এড়াতে পারেন না বাবর সাহেব। বিএনপি কেনো ক্ষমতায় যেতে পারেনি, সেই বিশ্লেষণে এই ঘটনাগুলোর দায়ভারও ইতিহাসের কাঠগড়ায় থাকবে।”

তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিকেলেই জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মীরা কালেক্টর মাঠের আশপাশে জড়ো হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। তারা সমাবেশস্থলের বাইরে দাঁড়িয়ে ‘নাসির পাটোয়ারী দেশদ্রোহী’, ‘বাবর আমাদের গর্ব’, ‘দালালের স্থান বাংলার মাটিতে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পরে শহরে  একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 
সমাবেশে বক্তারা বলেন,
“লুৎফুজ্জামান বাবর শুধু নেত্রকোনার নয়, বাংলাদেশের রাজনীতিতে একজন ত্যাগী, পরীক্ষিত ও কারা নির্যাতিত নেতা। তাকে নিয়ে এনসিপি নেতা যে অপমানজনক মন্তব্য করেছেন তা গভীর ষড়যন্ত্রের অংশ। এটি শুধু একজন ব্যক্তি নয়, বরং বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের প্রতি চরম অবমাননা।”

বক্তারা আরও বলেন, নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বোঝা যায়, তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন। এর মাধ্যমে তিনি ইতিহাস বিকৃত করে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ তৈরি করতে চাইছেন।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয়তাবাদী শক্তিকে অপমানের দুঃসাহস করে কেউ রেহাই পাবে না। নাসির পাটোয়ারী অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে নেত্রকোনাসহ সারা দেশে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার মদন উপজেলার কৃতী সন্তান। বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে কারাভোগ করেন।