মোঃ শাকিল আহামাদ, রাজশাহী : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন।
বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় গেলে পথের দু’ধারে দাঁড়িয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেন সমর্থকরা।
এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মিলন বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।
তিনি এ বিজয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি তিনি বলেন, এ বিজয় ব্যক্তিগত সাফল্য নয়; বরং মানুষের কল্যাণে কাজ করার একটি বড় সুযোগ ও গুরুদায়িত্ব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো তিনিও দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।