রাজনীতি

পটুয়াখালীতে ভোটকেন্দ্র পরিদর্শনে- রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

পটুয়াখালীতে ভোটকেন্দ্র পরিদর্শনে- রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
‎আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও তদারকি কার্যক্রমের অংশ হিসেবে তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শিত কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অক্সফোর্ড মিশন হাই স্কুল, ব্রজমোহন কলেজ (বরিশাল), পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ, সরকারি জনতা কলেজ পটুয়াখালী, চরগরবদী ইসলামিয়া মাদ্রাসা, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং ৯৮ নং গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎পরিদর্শনকালে রেঞ্জ কমান্ডার ভোটারদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ভোটাররা কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

‎মাঠপর্যায়ে নিরাপত্তা তদারকি কেন্দ্রসমূহে উপস্থিত হয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতি ও দায়িত্ব পালনের অবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

‎বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের প্রস্তুতি ও সক্ষমতা নিশ্চিত করার নির্দেশ দেন রেঞ্জ কমান্ডার।

‎দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান জানিয়ে এ সময় মোঃ আব্দুস সামাদ বলেন,“নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য। সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন ও বিধি অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের প্ররোচনা, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

‎তিনি আরও বলেন, সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে।

‎পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (২২ বিএন) পরিচালক সদন চাকমা, বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন) অধিনায়ক মোঃ হাসান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎মাঠে উৎসাহ ও আস্থার পরিবেশ সংশ্লিষ্ট মহলের মতে, রেঞ্জ কমান্ডারের এই পরিদর্শন মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনকে ঘিরে উৎসাহ ও আস্থার পরিবেশ লক্ষ্য করা গেছে।

‎আনসার ও ভিডিপি বাহিনী জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে জানানো হয়, একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন।