আলী আহসান রবি :
দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রবাসীদের বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য অংশ’ আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে, তা এগিয়ে নিতে প্রবাসীরা তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পৃক্ততার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ। আমরা এখন নিজে খেলব।”
নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “উনারা আমাদের সাথে যোগ দিতে সম্মত হয়েছেন বলে আমাদের আস্থা আরও বেড়েছে।”
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন। তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
চৌধুরী আশিক প্রবাসীদের অব্যাহত সহায়তা কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে তাঁদের ভোটদানের সুযোগের প্রক্রিয়া ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট” শীর্ষক একটি প্যানেল আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ তিনজন এতে অংশ নেন।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় আরেকটি আলোচনা “শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ”-এ অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান।
অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা প্রয়োজনীয় সেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য পাবেন।