জাতীয়

ভারতে পালানোর চেষ্টাকালে খালিয়াজুরী আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

ভারতে পালানোর চেষ্টাকালে খালিয়াজুরী আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

 

 


নেত্রকোনা প্রতিনিধি।। 

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকারকে ভারতে পালানোর চেষ্টাকালে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত খান চারটিং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনক চলাফেরায় তাকে জিজ্ঞাসাবাদ করেন এসআই পিয়ারুল। জবাবে অসংলগ্নতা পাওয়ায় তাকে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।


এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার আওয়ামী লীগ সভাপতি অজিত বরণ সরকার সীমান্ত পথে ভারতে পালিয়ে যেতে পারেন। এ কারণে শিবগঞ্জ থানার প্রতিটি সীমান্ত এলাকায় কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে খান চারটিং সীমান্ত দিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এখন আসামি আমাদের থানায় হেফাজতে রয়েছে। খালিয়াজুরী  থানা পুলিশ এসে পৌঁছালে তাদেরকে আমরা হস্তান্তর করব।


জানা যায়, নেত্রকোনার খালিয়াজুরী থানার সদর ইউনিয়নের ইউপি সদস্য মজনু মিয়া বাদী হয়ে গত ২ জুলাই ২০২৫ তারিখে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন, যার অন্যতম আসামি অজিত বরণ সরকার। গ্রেপ্তারের পর তাকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।