আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সাংবাদিকদের সাথে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শুরুতেই এখানে সবার সাথে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতাকালে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এতে অংশ নেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।