জাতীয়

মৃত্যু আর দুর্ভোগের সড়কে পরিবর্তন চায় মানুষ: ছয় লেনের দাবি

মৃত্যু আর দুর্ভোগের সড়কে পরিবর্তন চায় মানুষ: ছয় লেনের দাবি

মোঃ মিজান : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। শনিবার সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এই মহাসড়ক এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটে প্রাণহানি ও দুর্ঘটনা। যানজট আর দুর্ভোগে মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ ও যানজটে জর্জরিত।  বক্তারা দাবি জানান, “এই মৃত্যু আর দুর্ভোগের সড়কে এখন পরিবর্তন আনতেই হবে। উন্নত ও নিরাপদ চলাচলের জন্য দ্রুত ছয় লেন বাস্তবায়ন জরুরি।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, সামাজিক সংগঠন,  সাংবাদিকের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা হাতে 
ব্যানার–ফেস্টুন নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক শুধু দক্ষিণ চট্টগ্রামেরই নয়, দেশের অর্থনীতি ও পর্যটন খাতের অন্যতম প্রাণরেখা। প্রতিদিন এই সড়কে হাজারো যানবাহন চলাচল করে। অথচ সরু ও ভাঙাচোরা রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলছে।

তারা দ্রুত সময়ের মধ্যে ছয় লেন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পদক্ষেপ নিলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।