মান্নার মিয়া, সুনামগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শান্তিগঞ্জে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় ঝিলমিল অডিটোরিয়াম, শান্তিগঞ্জে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সুনামগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার, শান্তিগঞ্জ সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সুনামগঞ্জ; জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুনামগঞ্জ এবং সহকারী কমিশনার (ভূমি), শান্তিগঞ্জ।
অবহিতকরণ সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিতিদের অবহিত করা হয়।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।