জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবানে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবানে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান। এছাড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব—এতে সকলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।”

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ের মাধ্যমে বান্দরবানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”

সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।