আইন ও বিচার

স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি'র থানা পরিদর্শন

স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি'র থানা পরিদর্শন

আলী আহসান রবি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বডি ওর্ণ ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম বিপিএম এবং অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন। 

নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি এসময় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান সহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনি সামগ্রী বিতরণ করা হচ্ছে।