জাতীয়

মধ্যনগরে মহিষখলা ১নং সাব-সেক্টরে মহান বিজয় দিবস পালিত

মধ্যনগরে মহিষখলা ১নং সাব-সেক্টরে মহান বিজয় দিবস পালিত

শফিকুল ইসলাম শফিক : মহান বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি বাঙালি জাতির সাহস, ত্যাগ ও আত্মমর্যাদার চূড়ান্ত বিজয়ের প্রতীক।

মহান বিজয় দিবসের এই তাৎপর্য স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১১ নম্বর সেক্টরের ১ নম্বর সাব-সেক্টর মহিষখলা স্মৃতিসৌধে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা ৩২ মিনিটে মহিষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর দলে দলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মধ্যনগর উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন, মহিষখলা উচ্চ বিদ্যালয়, মহিষখলা দাখিল মাদ্রাসা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও পর্যায়ক্রমে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।