জাতীয়

বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

ঢাকা প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর নেতৃবৃন্দ শহীদ পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা রাজারবাগ পুলিশ লাইনস্ শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের এক গৌরবময় স্মারক। বিজয় দিবসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জাতির ইতিহাস ও চেতনাকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ অংশ।